সাঈদীর আপিল মামলা ১২ নভেম্বর পর্যন্ত মুলতবি
একাত্তরে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের শুনানি আগামী ১২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ মুলতবির এই আদেশ দেয়।
গত ২৪ সেপ্টেম্বর এ মামলার আপিল শুনানি শুরু হয়।
গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে তাকে ওই দণ্ড দেয়া হয়।
আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ যাওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।
এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াত নেতার শাস্তি চেয়ে আপিল করে প্রসিকিউশন।
এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়।
আপিলে এ পর্যন্ত আসামিপক্ষ রায় পড়া শেষ করার পাশাপাশি প্রসিকিউশনের সাক্ষীদের সাক্ষ্য ও জেরা উপস্থাপন করছে।
আগামী ১১ অক্টোবরের পর উচ্চ আদালতে ঈদ ও দুর্গাপূজার ছুটি শুরু হবে। ছুটির পর আদালত খুলবে আগামী ৩ নভেম্বর।
ছুটির সময় উচ্চ আদালতে জরুরি বিষয়গুলো শুনানির জন্য হাই কোর্টে অবকাশকালীন বেঞ্চ থাকে। আপিল বিভাগে চেম্বার বিচারপতি বসলেও রেওয়াজ অনুসারে অবকাশে পূর্ণ কোনো বেঞ্চ বিচারিক কাজ করে না।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক রুকন বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। পলাতক থাকায় তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেননি।
৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকেও মৃত্যুদণ্ড দেয়।
ট্রাইব্যুনালের তৃতীয় রায়ে গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসি হলে দলটির ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলোতে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। সরকারি হিসেবেই পুলিশসহ নিহত হয় ৭০ জনেরও বেশি মানুষ।
এরপর গত ৯ মে চতুর্থ রায়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানকেও মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানির দায়ে মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমীর ও দখলদার পাকিস্তানি বাহিনীর প্রধান দোসর গোলাম আযমকে গত ১৫ জুন ৯০ বছরের কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। এটি ছিল ট্রাইব্যুনালের পঞ্চম রায়।
ষষ্ঠ রায়ে গত ১৭ জুলাই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকেও মানবতা-বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়।
গত ১ অক্টোবর ৭ম রায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই সাত রায়ের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং বাচ্চু রাজাকারের মামলায় আপিল হয়নি।
