২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় চালন খুন করে তেলের ট্রাক ছিনতাই

মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় এক ট্রাক চালককে হত্যা করে সয়াবিন তেলবোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে ডাকাতরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 01:18 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মাগুরা সদর থানার এসআই নিমাই চন্দ্র  জানান, মঙ্গলবার ভোরে ইছাখাদা নতুন বাজার এলাকা থেকে চালক সিরাজুল ইসলামের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ। চালকের সহকারী জাকির হোসেনকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তারা সম্পর্কে মামা-ভাগ্নে, বাড়ি কুষ্টিয়ার কাতলিয়া গ্রামে।

জাকির হোসেন  জানান-  মঙ্গলবার রাতে তারা ৬০ ব্যারেল সয়াবিন তেলবোঝাই ট্রাকটি নিয়ে ঢাকা থেকে রাজবাড়ী যাচ্ছিলেন। রাতে ফেরি পার হওয়ার পর গোয়ালন্দ এলাকায় অন্য একটি ট্রাক নিয়ে প্রায় ১০ জনের একটি ডাকাত দল তাদের গতিরোধ করে।

এরপর ডাকাতরা চালক সিরাজ ও সহকারী জাকিরকে বেঁধে ফেলে বেদম মারধর করে। তারপর ট্রাকের নিয়ন্ত্রণ নিয়ে অস্ত্রের মুখে চেতনানাশক খাইয়ে চোখ মুখ বেঁধে ফেলে।

এসআই নিমাই চন্দ্র  জানান, ডাকাতরা ট্রাকটি নিয়ে রাতেই মাগুরা চলে আসে এবং শেষ রাতের দিকে কোনো এক সময় হাত-পা, চোখ-মুখ বাঁধা সিরাজুল ও জাকিরকে ইছাখাদা নতুন বাজার এলাকায় অচেতন অবস্থায় ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যায়।

সকালে রাস্তার পাশে একটি নার্সারির ভেতরে হাত-পা-মুখ বাঁধা দুজনকে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সিরাজুলকে মৃত অবস্থায় উদ্ধার করে।

জাকির জানান, ট্রাক চালক সিরাজুল তার আপন মামা।

এসআই নিমাই চন্দ্র  জানান- সিরাজুলের লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।