বকেয়া বেতন দাবিতে বিকেএমইএর সামনে অবস্থান
নারায়ণগঞ্জে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে বিকেএমইএর প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকাল ১০টা থেকে শহরের চাষাঢ়ায় নিট পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ)কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
তাদের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারাও যোগ দেন।
টেক্স টেকের কর্মী বন্ধু মো. কুদ্দুস বলেন, গত দুই মাস ধরে কারখানা বন্ধ রয়েছে। এ সময় তাদের বেতনও হয়নি। বর্তমানে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।
“তাদের এখন মাথাগোজার ঠাঁই এবং দুমুঠো ভাত খাওয়ার উপায় নেই।”
অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ করে কারখানা খুলে দেয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে বিকেএমইএর পরিচালক জিএম ফারুক বলেন, শ্রমিকদের সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হচ্ছে।
নারায়ণগঞ্জ সদর মডেল ওসি মঞ্জুর কাদের বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
