সিলেটে প্রতিমা ভাংচুরের অভিযোগ
সিলেটের ওসমানী নগরের একটি মণ্ডপে দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে।
পূজা সংশ্লিষ্টদের অভিযোগ, শনিবার রাতের কোনো এক সময় দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও (খয়েরপুর) এলাকায় ছাত্র যুব ঐক্য পরিষদের পূজা মণ্ডপে এ ভাংচুর হয়।
তবে, এটি ভাংচুর, নাকি ঝরের কারণে মূর্তি ভেঙেছে তা নিশ্চিত নয় পুলিশ।
পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দ্র শেখর দে চয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৩টার পর কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা মণ্ডপের সরস্বতী, লক্ষ্মী, গণেশ ও কার্তিকের মূর্তি ভাংচুর করে।
ঘটনার পর ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ ও সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) গোপাল চক্রবর্ত্তী এবং উপজেলা পূজা উদযাপন কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসমানী নগর থানার ওসি জুবের আহমদ জানান, নির্মাণাধীন মূর্তিগুলোর মধ্যে শুধু গণেশের একটি হাত ভাঙা দেখা গেছে।
তবে ঝড়ের কারণে ভেঙেছে না কি দুস্কৃতকারীরা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান ওসি।
