ফরিদপুরে মাদক মামলার আসামি খুন, আটক ৪
ফরিদপুরে একটি মাদক মামলার এক আসামিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় সন্দেহভাজন চার জনকে আটক করেছে পুলিশ।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মধ্য আলীপুর এলাকার খাঁপাড়া রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শাওন মোল্লা(২৭) ওই এলাকার স্থানীয় সোহরাব মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মোটরসাইকেল করে বাড়ি ফেরার পথে ৬/৭ জন দুর্বৃত্ত শাওনকে আটকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
তার বিরুদ্ধে কোতয়ালী থানায় তিনটি মাদক মামলাসহ বেশ কিছু অভিযোগ রয়েছে জানিয়ে এসআই সোহেল বলেন, “মাদকের কারবারের দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।”
এ ঘটনায় রাতেই সন্দেহভাজন হিসাবে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
শাওনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
