২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘাতের আশঙ্কা এরশাদের  

সামনের দিনগুলোতে দেশে ভয়াবহ সংঘাতময় পরিস্থিতির আশঙ্কা করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 08:34 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শনিবার রংপুরে তিনি বলেন, ২৪ অক্টোবরের পর কী হবে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।

“সংঘাতময় পরিস্থিতিতে দলের সর্বোচ্চ ফোরাম পার্টির করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে। জীবনের পড়ন্ত বেলায় জাতীয় বেঈমান হতে চাই না,” বলেন এই সাবেক রাষ্ট্রপতি।

দুদিনের সফরে সন্ধ্যায় রংপুর পৌঁছেন তিনি। সন্ধ্যা ৭টায় শহরের বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

তিনি সাংবাদিকদের বলেন, “নির্বাচন পদ্ধতির যে রূপরেখা দিয়েছি সেটা বাস্তবায়ন হলে সব রাজনৈতিক দলই উপকৃত হবে। ইতোমধ্যে দেশের মানুষ আমার রূপরেখা গ্রহণ করেছে।”

গত বুধবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে বর্তমান নির্বাচন পদ্ধতির পরিবর্তন করে ভোটের আনুপাতিক হারে সংসদীয় আসন বণ্টনের রূপরেখা দেন এরশাদ।

তার প্রস্তাব অনুযায়ী ভোটাররা প্রার্থীকে নয়, দলকে ভোট দেবে। দল প্রাপ্ত ভোটের ভিত্তিতে আনুপাতিক হারে সংসদীয় আসনের সদস্য পাবে।

আবারো এককভাবে নির্বাচন করার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, “আমরা এখনো মহাজোট ছাড়িনি। তবে ২৪ অক্টোবরের পর আমাদের অবস্থান পরিষ্কার হয়ে যাবে।”

দেশের মানুষ আর দুই দলকে ক্ষতায় দেখতে চায় না। মানুষ শান্তি চায়। আর জাতীয় পার্টি সেই শান্তির প্রতীক, বলেন এরশাদ।

গ্রামীণ ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, সরকার গ্রামীণ ব্যাংকের গায়ে হাত দিয়ে চরম ভুল করেছে। গ্রামীণ ব্যাংককে সরকার নিয়ন্ত্রণে নেয়ার নামে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। এর খেসারত সরকারকে কড়ায়-গণ্ডায় দিতে হবে।

এ সময় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, মসিউর রহমান রাঙা, যুগ্ন সম্পাদক এস এম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, রংপুর মহানগর সম্পাদক সালাহউদ্দিন কাদেরী বক্তব্য দেন।