২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরেফিরে ইলিয়াস আলী

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে সিলেটে ১৮ দলের জনসভায় ঘুরেফিরে এসেছে দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর প্রসঙ্গ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 08:30 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

আলিয়া মাদ্রাসা মাঠের চারপাশে দেখা গেছে এই নেতার ছবি সম্বলিত ডিজিটাল ব্যানার।

ইলিয়াস আলীর ছোট মেয়ে সাইয়ারা নাওয়ালের আকুতি সম্বলিত এসব ব্যানারে লেখা ছিল- ‘আমার আব্বুকে ফিরিয়ে দাও’।

দেড় বছর আগে ঢাকা থেকে নিখোঁজ হন সিলেট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।

জনসভায় বক্তব্যে খালেদা জিয়াসহ সব নেতারাই ইলিয়াস আলীকে স্মরণ করেন। খালেদা জিয়া বলেন, টিপাইমুখ বাঁধের বিরোধিতা করায় বিরোধী দলের এই নেতাকে ‘গুম’ করা হয়েছে। 

ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনাও জনসভায় বক্তব্য রাখেন।

দলের চেয়ারপারসনের আগমন উপলক্ষে গত দুদিন ধরে সিলেটে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা।

শনিবার সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নেতাকর্মীদের উপস্থিতি যেন সে কথাই বলছিল। দুপুরে এই মাঠ হয়ে পড়ে লোকে লোকারণ্য। আর শহর পরিণত হয় মিছিলের নগরীতে।

তবে অন্যান্য স্থানের মতো সিলেটের জনসভায়ও মঞ্চের সামনের অংশের দখলে ছিল জামায়াত- শিবিরের কর্মীরা।

সিলেট সদর, বিশ্বনাথ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, জৈয়ন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, জকিগঞ্জ , গোলাপগঞ্জ, বেয়ানীবাজার ও কানাইঘাট- এই ১২টি উপজেলা ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকা থেকে বাস-ট্রাকে করে হাজার হাজার নেতা-কর্মী এই জনসভায় যোগ দেয়।

জনসভার বক্তব্য শুনাতে পুরো এলাকায় শতাধিক মাইক লাগানো হয়।  জনসভায় চিকিৎসা সেবা দেয়ার জন্য ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে। আর সিটি করপোরেশন সরবরাহ করে বিশুদ্ধ খাবার পানি।

এদিকে এই জনসভা উপলক্ষে সার্কিট হাউজ থেকে মাদ্রাসা মাঠ ছাড়াও গোটা মহানগরীতে নির্মাণ করা হয় কয়েকশ’ স্বাগত তোরণ।

সর্বশেষ ২০১১ সালের ১১ অক্টোবর এই মাদ্রাসা মাঠে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া জনসভা করেন। ওই জনসভায় সভাপতিত্ব করেছিলেন জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী।

দুই বছর পর একই মাঠে তার অনুপস্থিতি বক্তাদের বক্তব্যে ক্ষোভ ও যন্ত্রণা প্রকাশ পেয়েছে।