২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পিটুনিতে ‘ছিনতাইকারী’ নিহত

রংপুর সদরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে জনতা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

পিটুনিতে আহত একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে পাগলাপীর এলাকায় এ ঘটনায় নিহত কারিমুল ইসলাম (৩২) গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ পানাপুকুর দিঘীরপাড় গ্রামের সমছেল আলীর ছেলে।

আহত সাজু ওরফে হাতকাটা সাজুর অবস্থা (৪০) আশঙ্কাজনক বলে জানিয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. রিয়াজুল করিম।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ সাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বাজারের কাছে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির সামনে এ ব্যক্তির নতুন মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাচ্ছিল কারিমুল ও সাজু।

এ সময় মোটরসাইকেল মালিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের আটক করে পিটুনি দিলে ঘটনাস্থলে মারা যান কারিমুল।

তিনি আরো জানান, সাজু ও কারিমুলের বিরুদ্ধে কোতোয়ালি, গঙ্গাচড়া ও তারাগঞ্জ থানায় ২৫টির বেশি সড়ক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেল মালিক বাদী হয়ে ছিনতাই মামলা এবং কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।