ফরিদপুরে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার
ফরিদপুরের নগরকান্দা উপজেলা থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের তালমা মোড় সংলগ্ন ফরিদপুর দুগ্ধ ও গবাদিজাত উন্নয়ন খামার চত্বর থেকে আজাদ খানের (১৪) লাশটি উদ্ধার করা হয়।
আজাদ উপজেলার রামনগর ইউনিয়নের কুঞ্জনগর গ্রামের শামসু খানের ছেলে। সে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতো।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ডাঙ্গি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার সাইফুজ্জামান বুলবুল জানান, শনিবার সকালে খামারের উত্তর দিকের সীমানা প্রাচীরের পাশে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
নগরকান্দা থানার ওসি আব্দুল করিম জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
