ঢাবিতে ককটেল বিস্ফোরণে ৩ শিক্ষার্থী আহত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশে সোপার্জিত স্বাধীনতার সামনে হাতবোমা বিস্ফোরণে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী জানান, শিক্ষার্থীরা সেখানে আড্ডা দিচ্ছিল। এ সময় চলন্ত মোটরসাইকেল থেকে একটি ককটেল ছোড়া হয়।
আহত শিক্ষার্থীরা হলেন- ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতিক, আরবি বিভাগের মাস্টার্সের ছাত্র ইমরান এবং বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্র।
আহতদেরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে দুইজনকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়। আহত আতিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানান প্রক্টর।
তিনি আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের যারা বিরোধিতা করে এবং যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, তারাই এ ঘটনা ঘটিয়েছে।
