বনমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা
বন ও পরিবেশ মন্ত্রী হাছান মাহমুদের বিরুদ্ধে একটি মানহানি মামলা দায়েরের পর তা খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়ার আদালতে মামলাটি করা হয়।
মামলাটি করেন বিএনপিপন্থী আইনজীবী ইফতেখার হোসেন চৌধুরী মহসীন।
মামলায় অভিযোগ করা হয়, গত ১ অক্টোবর রাজধানীতে একটি অনুষ্ঠানে বন মন্ত্রী হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘ডাকাতের সর্দার’ বলে আখ্যায়িত করেছেন।
বাদীর আইনজীবী এনামুল হক সাংবাদিকদের বলেন, সম্প্রতি হাছান মাহমুদ বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যে মন্তব্য করেছেন তা মানহানিকর। এতে সংক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ৫০০ ধারায় মামলাটি করা হয়।
হাছান মাহমুদের আইনজীবী ও এপিপি নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। পাশাপাশি মামলাটি যথাযথ নিয়ম অনুসরণ করে দায়ের করা হয়নি।
“তাই ফৌজদারি কার্যবিধির ২০৩ ধারা অনুসারে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।”
