২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রপ্তানি পণ্যের তালিকায় ঠাঁই পাচ্ছে সেবা খাত

রপ্তানিকারকদের পাশাপাশি এখন থেকে সেবা খাতের ব্যবসায়ীদেরও রপ্তানি ট্রফি দেয়ার বিধান রেখে তৈরি নীতিমালার খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 08:36 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

রপ্তানি পণ্যের তালিকার মধ্যে সেবা খাতকে অন্তর্ভুক্ত করে তৈরি ‘জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০১৩’ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের বলেন, রপ্তানিতে উল্লেখযোগ্য অবদানের জন্য ট্রফি দেয়া হয়। আগে ২৫টি খাতের পণ্য ট্রফি পেলেও নীতিমালায় ৩২ খাতকে ট্রফির আওতায় আনা হয়েছে।

মোশাররাফ বলেন, নীতিমালায় পণ্যের পাশাপশি সেবা খাতকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য সমন্বিত খাত সৃষ্টি করা হবে।

এখন থেকে পুরস্কার দেয়ার ক্ষেত্রে পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কমপ্লায়েন্স সুবিধা বিচার করে দেখা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, আগে শুধু ট্রফি দেয়া হলেও নতুন নীতিমালা অনুযায়ী সনদও দেয়া হবে।