২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ওয়াসার পানি খেয়ে অসুস্থ অর্ধশত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঢাকা ওয়াসার পানি পান করে দুই দিনে প্রায় অর্ধশত মানুষ অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 11:52 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

ডায়রিয়া ও পেটের পীড়ায় আক্রান্ত কয়েকজনকে ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবিতে নেয়া হয়েছে। অন্যদের ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রমেশ চন্দ্র সাহার নেতৃত্বে একটি দল ওই এলাকায় পরিদর্শন করেছেন। তারা মাইকিং করে এলাকার বাসিন্দাদেরকে ওয়াসার পানি পানে বিরত থাকার পরামর্শ দেন।

ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ নারায়ণগঞ্জে পানি সরবরাহ করে থাকে। বেশ কিছুদিন ধরে পানিতে উৎকট দুর্গন্ধ, ময়লা আবর্জনা পাওয়া যাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।

বন্দর উপজেলার লক্ষণ খোলার বাসিন্দারা বিষয়টি আনুষ্ঠানিকভাবে ওয়াসা কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেছেন।

সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রানী বাড়ৈ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডায়রিয়ায় আক্রান্ত কয়েকজনের ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ওই এখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।”

লক্ষণখোরা এলাকার আব্দুল মতিন, রেহেনা, লিমা জানান, মঙ্গলবার থেকে ওই এলাকার কয়েকটি পরিবারে লোকজনের তলপেটে তীব্র ব্যথার পর বমি ও ডায়রিয়া দেখা দিয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র সাহা জানান, এ পর্যন্ত ৪৫ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে চিকিৎসার পর অধিকাংশই সুস্থ্য হয়ে উঠছেন।

ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মড্স জোনের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি জানতে পেরে সকালেই আক্রান্ত এলাকার কয়েকটি বাসা থেকে পানি বোতলজাত করে ঢাকার সায়েদবাদ পানি শোধনাগারে পাঠানো হয়েছে।

বন্দর এলাকায় প্রথমবারের মতো এধরনের সমস্যা লক্ষ করা গেছে বলেও দাবি করেন তিনি।