রায় ‘ফাঁসের’ তদন্ত দাবি সুপ্রিম কোর্ট বারের
সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার রায় ‘ফাঁসের’ ঘটনার তদন্ত সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার এক সাধারণ সভায় সিদ্ধান্ত নিয়ে এই দাবি পড়ে শোনান বিএনপি সমর্থিত আইনজীবীদের করায়ত্ত আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
খোকন প্রধান বিরোধী দল বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিএনপিপন্থী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিবের দায়িত্বও পালন করছেন। সভাপতিসহ আইনজীবী সমিতির অন্য পদগুলোতেও রয়েছেন বিএনপির আইনজীবীরা।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই সাধারণ সভায় বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধের দায়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার আগেই রায় ফাঁসের অভিযোগ তোলে আসামির পরিবার।
একটি ওয়েবসাইটে প্রকাশিত ওই রায় আইন মন্ত্রণালয়ের তৈরি বলে তারা দাবি জানালেও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম তা নাকচ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার খসড়া ‘রায়’ ফাঁস হওয়ার কথা স্বীকার করে থানায় সাধারণ ডায়েরি করেছে।
খোকন বলেন, সাবেক একজন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিশন গঠন করে এই ঘটনার তদন্ত করতে হবে।
সভার প্রস্তাবে বলা হয়, “গতকাল একটি রায় ঘোষণার আগেই ইন্টারনেটসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হওয়ায় দেশের উচ্চ আদালতসহ বিচার ব্যবস্থার প্রতি ধূম্রজাল সৃষ্টি এবং জনমনে বিচার ব্যবস্থার প্রতি ধূম্রজাল সৃষ্টি এবং জনমনে বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
রায় নিয়ে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বর্তমানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে নিয়ে অ্যাটর্নি জেনারেল ও ট্রাইব্যুনালের কয়েকজন প্রসিকিউটরের ‘ষড়যন্ত্রমূলক’ আচরণেরও নিন্দা জানিয়েছে সমিতি।
“অ্যাটর্নি জেনারেল কার্যালয় এবং যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কতিপয় প্রসিকিউশন কর্মকর্তার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যে কোনো উদ্যোগ নেয়া থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।”
