গ্রামীণ ব্যাংক কমিশন নিয়ে অর্থমন্ত্রী ‘বিরক্ত’
গ্রামীণ ব্যাংক নিয়ে গঠিত কমিশনের প্রতিবেদন নির্ধারিত তারিখের মধ্যে জমা না হওয়ায় ‘বিরক্তি’ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সন্ধ্যায় সচিবালয়ের নিজ কার্যালয়ে গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি জানি না তারা কবে প্রতিবেদনটি জমা দিবে।”
অর্থমন্ত্রী বলেন, “তারা (গ্রামীণ ব্যাংক কমিশন) আমার সাথে যোগাযোগ করেনি । তারা শুধু সময়ক্ষেপণ করছে।”
গত ৩০ সেপ্টেম্বরের মধ্যে গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল।
ফাইল ছবি
১৯৮৩ সালে একটি সামরিক অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সূচনা হওয়ার পর থেকেই এ প্রতিষ্ঠানের ব্যবস্থা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন মুহাম্মদ ইউনূস।
অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে ২০১১ সালে তার এমডি পদে থাকা নিয়ে প্রশ্ন তোলে কেন্দ্রীয় ব্যাংক।
ওই বছর মার্চে কেন্দ্রীয় ব্যাংক যখন ইউনূসকে অব্যাহতি দেয়, তখন তার বয়স প্রায় ৭১ বছর। এরপর থেকে ওই পদটি ফাঁকা রয়েছে।
২০১০ এর ডিসেম্বরে নরওয়ের টেলিভিশনে প্রচারিত একটি প্রামাণ্যচিত্রে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে গ্রামীণ ব্যাংককে দেয়া বিদেশি অর্থ এক তহবিল থেকে অন্য তহবিলে স্থানান্তরের অভিযোগ ওঠে। এরপর দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।
এই পরিপ্রেক্ষিতে গ্রামীণ ব্যাংকের কর্মকাণ্ড পর্যালোচনায় একটি কমিশন গঠন করে সরকার।
