শেরপুরে হত্যাচেষ্টা মামলায় ৯ জন দণ্ডিত
হত্যাচেষ্টা মামলায় নয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত।
বুধবার বিকালে মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়া এ আদেশ দেন।
দণ্ডিত সবাই শেরপুর শহরের গৌরীপুর মহল্লার বাসিন্দা।
আসামি সোহাগ মিয়ার (৩০) সাত বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছর কারাভোগ করতে হবে।
অন্য দণ্ডিতদের মধ্যে বছির উদ্দিন বসু (৪০) ও মামুন মিয়াকে (৩৩) এক বছর সশ্রম কারাদণ্ড, শাপলা বেগম, (২৮), হাসনা বেগম (৫৩), হামেদা বেগম (৫৫), হেলেনা বেগম (৩৫), হেনা বেগম (৩৩) ও হাসি বেগমকে (৩০) এক হাজার টাকার অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
মামলার নথি থেকে জানা যায়, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির সহকারী শিক্ষক রুহুল আমিনকে ২০১০ সালের ২২ সেপ্টেম্বর হত্যার উদ্দেশ্যে কুপিয়ে রক্তাক্ত করে দণ্ডিতরা।
রায়ের প্রতিক্রিয়ায় রুহুল আমিন বলেন, দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন থেকে বিরত থাকার পরও তিনি এই দিনটির জন্যই অপেক্ষা করছিলেন।
