ফেনীতে পাঁচ লাখ টাকা ছিনতাই
ফেনীর সোনাগাজী উপজেলায় এক ব্যবসায়ীর পাঁচ লাখ টাকা ছিনতাই হয়েছে।
বুধবার দুপুরে ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার কাউন্টারের সামনে এ ছিনতাই হয় বলে পুলিশ জানিয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুভাষ চন্দ্র পাল জানান, সোনাগাজী বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন দুপুরে পাঁচ লাখ টাকা টিটি করার জন্য ইসলামী ব্যাংক সোনাগাজী শাখায় যান।
তিনি ব্যাংকের কাউন্টারের সামনে দাঁড়িয়ে টাকা টিটি করার জন্য ফরম পূরণের এক পর্যায়ে অজ্ঞাত তিন ব্যক্তি টাকা নিয়ে দৌড়ে পালিয়ে যায়।
তার চিৎকারে ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা ছুটে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেও আটক করতে পারেনি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাংকের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দেখে ছিনতাইকারীদের সনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইসলামী ব্যাংক সোনাগাজী শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন জানান, ওই ব্যবসায়ীর অসাবধানতায় ছিনতাইকারীরা সুযোগ পেয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো সম্পৃক্ততা নেই। তিনি মামলা করলে ব্যাংকের পক্ষ থেকে সহায়তা করা হবে।
