চট্টগ্রামে ওয়াগন ও শাটল ট্রেন বন্ধ
বিএনপির ডাকা হরতালে চট্টগ্রাম থেকে তেল পরিবহনকারী ওয়াগন ও বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে রেল কর্তপক্ষ।
চাহিদা না থাকায় এবং গার্ড সংকটের কারণে এই ট্রেন চলাচল বুধবারের জন্য বন্ধ রাখা হয় বলে কর্তৃপক্ষ বলেছে।
যুদ্ধাপরাধে বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দেয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর (উত্তর-দক্ষিণ), বান্দরবান ও রাঙ্গামাটি জেলা বিএনপি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. খান তৌহিদ ওসমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে রেল কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে শাটল ট্রেন চলাচল বন্ধ থাকবে। সকাল থেকে কোনো ট্রেন ক্যাম্পাসে আসেনি।
পূর্ব রেলের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) সুকুমার ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গার্ড সংকটের কারণে বুধবার শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।”
এছাড়া বুধবার কোনো চাহিদা না থাকায় চট্টগ্রাম থেকে তেল পরিবহনকারী ওয়াগনও বন্ধ রাখা হয় বলে জানান তিনি।
প্রতিদিন চট্টগ্রামের বটতলী পুরনো রেল স্টেশন ও ষোলশহর রেল স্টেশন থেকে সাত জোড়া ট্রেন বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করে। অন্যান্য হরতালে শাটল ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বুধবার তা বন্ধ রাখা হয়।
