২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকসহ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকসহ আটক এক ছাত্রলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 03:36 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার রাতে রূপসী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমান হাসিবকে ছিনিয়ে নেয় বলে পুলিশ জানিয়েছে।

তবে, হাসিবুর রহমান হাসিব মাদকসহ আটক হওয়ার কথা অস্বীকার করেছেন।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার রূপসী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার হাবিব মার্কেট থেকে হাসিব ও তার কয়েকজন সহযোগীকে মাদকসহ আটক করে ডিবি পুলিশ।

ওই সময় তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে হাসিবসহ অন্যদের ছাড়িয়ে নেয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আকতার হোসেন জানান, মাদকসহ উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবসহ আরও কয়েকজনকে আটক করা হয়। পরে ছাত্রলীগের ক্যাডাররা ডিবি পুলিশের সদস্যদের মারধর করে মাদকসহ তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়।

হামলায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কায়েস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিবরিয়াসহ পাঁচজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

এই ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবসহ ১০/১২ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি জানান।

তবে হাসিবের দাবি, ডিবি পুলিশের সাদা পোশাকের একটি দল তাদেরকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাদেরকে উদ্ধার করে।

তবে পুলিশের উপর কারা হামলা চালিয়েছে তা তিনি জানেন না বলে জানান।

গত ৯ সেপ্টেম্বর হাসিবুর রহমান হাসিবকে সভাপতি ও হাফিজুর রহমান ভূঁইয়া সজীবকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্যের রূপগঞ্জ উপজেলা কমিটির অনুমোদন দেয় ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।