২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপপুরের যাত্রা শুরু বুধবার

পরমানু বিদ্যুত কেন্দ্র স্থাপনে উদ্যোগ নেওয়ার প্রায় অর্ধশতাব্দী পরে ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে, যেটিকে সরকারের পক্ষ থেকে স্বপ্নের প্রকল্প বলা হচ্ছে।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 11:17 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

বুধবার পাবনার রূপপুরে পদ্মা নদীর তীরে দেশের প্রথম পরমানু বিদ্যুত কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৯৬১ সালে পরামানু কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার পর ১৯৬৩ সালে প্রস্তাবিত ১২টি এলাকার মধ্য থেকে রূপপুরকে বেছে নেওয়া হয়।

মঙ্গলবার সকালে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান সাংবাদিকদের বলেন, “৫০ বছরের স্বপ্ন পূরণের জায়গায় এসে গেছি আমরা। আগামীকাল প্রধানমন্ত্রী এতোদিনের স্বপ্ন বাস্তবে রুপ দেওয়ার কাজ শুরু করবেন।”

রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে  রাশিয়ার পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটমের সঙ্গে সহযোগিতা চুক্তি করেছে বাংলাদেশ।

চুক্তি অনুয়ায়ী,অবকাঠামো উন্নয়নসহ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সব ধরনের সহযোগিতা দেবে রুশ সরকার এবং কেন্দ্র পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে এবং ব্যবহৃত জ্বালানিও ফেরত নেবে তারা।

গত জানুয়ারিতে শেখ হাসিনার রাশিয়া সফরের সময় দেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কারিগরি গবেষণার জন্য রাশিয়ার কাছ থেকে ৫০ কোটি ডলার ঋণ পাওয়ার একটি চুক্তি হয়।

রাশিয়া থেকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত সর্বাধুনিক তৃতীয় প্রজন্মের প্রযুক্তি দিয়ে সরকার রূপপুরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।

দুই ইউনিটের দুই হাজার মেগাওয়াট উতপাদন ক্ষমতার প্রস্তাবিত এ কেন্দ্রটির জন্য ২৬২ একর জমি অধিগ্রহন করা রয়েছে।

নিরাপত্তা ও প্রযুক্তির মানের ওপর নির্ভর করে এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিটের প্রতিটি স্থাপনে ১৫০ থেকে ২০০ কোটি ডলার ব্যয় হতে পারে।

নির্মান ব্যয়ের ১০ শতাংশ অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, বাকী ৯০ শতাংশ রাশিয়া ঋণ দেবে। 

বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ হবে ৬০ বছর। পরে তা আরো ২০ বছর তা বাড়ানো যাবে এর আগে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী।

পারমানবিক বিদ্যুত কেন্দ্রের নকশা তৈরির জন্য সোমবার ২৬ কোটি ৫০ লাখ ডলারের একটি দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ কাজ পেয়েছে অ্যাটম ষ্ট্রয় একপোর্ট নামের রাশিয়ার একটি সরকারি সংস্থা।  

নকশা প্রস্তুতের পর কেন্দ্র নির্মানের মূল কাজ শুরু হবে।

কতদিনে নকশা তৈরি হবে জানতে চাওয়া হলে ইয়াফেস ওসমান বলেন, “তারা দুবছরের কথা বলেছে, আমরা বলেছি দেড় বছর।“  

কবে থেকে উৎপাদন শুরু হতে পারে জানতে চাওয়া হলে প্রকল্প পরিচালক শৌকত আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০২১ সালের মধ্যে দু হাজার মেগাওয়াট বিদ্যুত জাতীয় গ্রিডে যোগ করার পরিকল্পনা রয়েছে আমাদের।”

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য জন্য প্রায় ৫০ বছর আগের নেওয়া উদ্যোগ সক্রিয় করে তোলা হয়। দ্রুত পারমানবিক বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য ২০১০ সালে সংসদে রেজুলেশন পাশ করা হয়, গঠন করা হয় একটি জাতীয় কমিটি।  

ওই বছরই রাশিয়ার সঙ্গে একটি কাঠামো চুক্তি করে সরকার এবং ২০১১ সালের নভেম্বরে বাংলাদেশে একটি পারমানবিক বিদ্যুত কেন্দ্র নির্মানে দুই দেশ চুক্তি করে।

বিদুত সংকট মোকাবিলার জন্য সরকারের মহাপরিকল্পনা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে ৫০ শতাংশ হবে কয়লাভিত্তিক এবং বাকীটা হবে অন্যান্য জ্বালানি নির্ভর।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু নভো থিয়েটারে রুপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের জন্য একটি তথ্য কেন্দ্র উন্মুক্ত করা হয়েছে। যে কেউ এখানে গিয়ে প্রস্তাবিত এ কেন্দ্রটি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারবে।