২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যথার্থ রায়: প্রতিক্রিয়া চট্টগ্রামে

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়কে যর্থাথ মনে করে তা কায়কর দেখতে চান চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 07:51 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

যুদ্ধাপরাধীদের বিচারের দাবি নিয়ে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের রাজপথে আন্দোলন করা শহীদজায়া বেগম মুশতারী শফী বলেছেন, “অনেক পথ পেরিয়ে আজ সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় হয়েছে। সকাল থেকে অপেক্ষায় ছিলাম কখন রায় হবে। রায়ে আমি সন্তুষ্ট।”

মুক্তিযুদ্ধের সময়ে চট্টগ্রামে হিন্দু ও আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকদের হত্যার দায়ে বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।

এই রায় দ্রুত কার্যকরের আহ্বান জানিয়ে মুশতারী শফি বলেন, “যতদিন মৃত্যুদণ্ড কার্যকর না হবে, ততদিন শান্তি পাব না।”

মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফুজুর রহমান বলেন, “এ রায়ে আমি খুশি। যারা একাত্তরে সাকা চৌধুরী কর্তৃক নির্যাতিত হয়েছিল, শহীদ হয়েছিল, তাদের আত্মা শান্তি পাবে।”

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাকা চৌধুরীর বিরুদ্ধে আনা ২৩টি অভিযোগের মধ্যে নয়টি প্রমাণিত হয়েছে। ১৪টি অভিযোগ অপ্রমাণিত। এতে প্রমাণ হয় ট্রাইব্যুনালের বিচারকরা তাদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ন্যায় বিচার করেছেন।”

“তাই এ শাস্তি যর্থাথ হয়েছে।”

রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়ে রইসুল বলেন, “যদি ক্ষমতার পালাবদলে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি ক্ষমতায় আসে, তবে সালাউদ্দিন কাদেরের মত যুদ্ধাপরাধীরা মুক্ত হয়ে আরো মরিয়া হয়ে উঠতে পারে।”