বরিশালে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই ব্যক্তির মৃত্যু
বরিশালের মেহেন্দিগঞ্জ ও গৌরনদী উপজেলায় মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে।
মেহেন্দিগঞ্জের কাদিরাবাদ এবং গৌরনদীর সুন্দরী এলাকায় পৃথক এই দুই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন কাদিরাবাদ গ্রামের আইয়ুব আলী মৃধার ছেলে আবু বকর মৃধা (৪৫) এবং গৌরনদীর বেজগাতি গ্রামের মৃত হামিজ উদ্দিন সিকদারের ছেলে হাকিম সিকদার (৬০)।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, সকালে বাড়ির সামনের একটি সুপারি গাছ কাটতে যান আবু বকর মৃধা। গাছটির সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হন তিনি।
স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান এই চিকিৎসক।
কাদিরাবাদ গ্রাম মুলাদী উপজেলার সীমন্তবর্তী হওয়ায় তাকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এদিকে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, বিকালে দিনমজুর হাকিম সিকদার পৌর শহরের সুন্দরী এলাকার আবুল কালাম মাষ্টারের বাড়ির গাছের ডালপালা কাটতে যান।
এ সময় সেখানে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
