২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাসের আগুনে এক পরিবারের পাঁচজন দগ্ধ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গ্যাসের আগুনে এক পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার গভীর রাতে সফিপুর এলাকায় এ ঘটনায় গুরুতর দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরা হলেন সুভাষ চন্দ্র পাল (৫৫), তার স্ত্রী রিনা পাল (৪৫), ছেলে রিন্টু পাল (২৮), সুমন পাল (১৭) ও মেয়ে রুমকি পাল (১৫)।

বাসার মালিক আবুল হোসেন জানান, সুভাষ চন্দ্র দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে তার বাসায় ভাড়া থাকেন।

সোমবার রাতের রান্নার কাজ শেষে গ্যাসের চুলা খুলে রেখেই ঘুমিয়ে পড়েন তারা। ঘরের দরজা জানালা বন্ধ থাকায় বাসার সবগুলি রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। রাত ৩টার দিকে সুভাষ চন্দ্র ঘুম থেকে উঠে সিগারেট ধরাচ্ছিলেন।

ম্যাচের আগুন জ্বলার সঙ্গে সঙ্গে পুরো ঘরে আগুন ধরে যায়।

ওই বাসার পাশের ইউনিটের বাসিন্দা এগিয়ে এসে তাদের উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলেও জানান আবুল হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে এদের হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

এরমধ্যে সুভাষ পালের ৭০ শতাংশ, স্ত্রী রীনার ৮০ শতাংশ, মেয়ে রুমকির ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় শঙ্কটজনক অবস্থায় আছেন। এছাড়া সুমন ও রিন্টুর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।