আদুরীকে নির্যাতন, কমিউনিটি পুলিশের মানববন্ধন
ঢাকায় গৃহকর্মী আদুরীকে নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জেলা কমিউনিটি পুলিশের উদ্যোগে আয়োজিত এই মানবন্ধন থেকে সব ধরণের শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচিতে সহায়তা করে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ ও নাগরিক সমাজ নামের দুটি সংগঠন।
গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার একটি ডাস্টবিনে আদুরি (১১) নামের এক শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয় এক নারী। সুস্থ হওয়ার পর শিশুটির দেয়া তথ্য ধরে বৃহস্পতিবার গৃহকর্ত্রী নওরীন আক্তার নদীকে(৩০) গ্রেপ্তার করা হয়।
মানবন্ধনে ‘সবাই মিলে জোট গড়ি, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ করি’ এই ধ্বনি দিয়ে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নারী ও মানবাধিকার সংগঠনের সদস্য ও কমিউনিটি পুলিশের সদস্যরা অংশ নেন।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জামিল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিনা মাসুদুজ্জামান, অধ্যাপক মো. শাহজাহান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, অধ্যাপক শিপ্রা রায় ও অন্যরা।
আদুরীকে নির্যাতনের ঘটনাকে পৈশাচিক ও বর্বরোচিত উল্লেখ করেন এবং শিশু ও নারী নির্যাতনকারীদের আইনের মাধ্যমে কঠোর সাজা দেয়ার পাশাপাশি সামাজিকভাবে বয়কট ও প্রতিরোধ করার আহ্বান জানান বক্তারা।
