২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭২ পৃষ্ঠার রায়

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 10:52 AM

Updated : 25 Apr 2022, 07:20 PM

রায়ের ১৭২ পৃষ্ঠার সংক্ষিপ্তসারের প্রথম অংশ পড়ছেন বিচারপতি আনোয়ারুল হক।

মঙ্গলবার সকাল দশটা ৪৩ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি একেএম ফজলে কবীরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে রায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এ ট্রাইব্যুনালের অপর বিচারপতি জাহাঙ্গীর হোসেন রায়ের দ্বিতীয় অংশ পড়ার পর ট্রাইব্যুনাল প্রধান  বিচারপতি ফজলে কবীর সাজা ঘোষণা করবেন।

সকাল ১০টায় একটি প্রিজন ভ্যানে করে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে।

এ সময় এই সংসদ সদস্যের পরনে ছিল সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে ছিল চশমা।

কিছু সময় ট্রাইব্যুনালের হাজতখানায় রাখার পর ১০টা ৪০ মিনিটে তাকে নিয়ে যাওয়া হয় আদালত কক্ষে।  সেখানে স্ত্রী ফারহাত কাদের চৌধুরীর সঙ্গে কিছু সময় কথা বলেন তিনি।

এর পরপরই তিন বিচারক আদালত কক্ষে প্রবেশ করেন।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে সালাউদ্দিন কাদেরের বিরুদ্ধে।

এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় হচ্ছে।

রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ট্রাইব্যুনালের প্রধান প্রবেশ পথে দুই সারিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। এছাড়া হাই কোর্টে যারাই প্রবেশ করছেন, তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে। 

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হাসান তালুকদার বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘যথেষ্ট’ নিরাপত্তা রয়েছে।

পুরনো খবর:

এবার সালাউদ্দিন কাদেরের রায়