আ. লীগ নেতার মামলায় তলব যুগান্তরের প্রতিবেদককে
আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী আ খ ম জাহাঙ্গীর হোসাইনের করা মামলায় দৈনিক যুগান্তরের প্রতিবেদক আকতার ফারুক শাহিনকে তলব করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত।
গত ২১ সেপ্টেম্বর দৈনিক যুগান্তরে ‘মনোনয়ন লড়াইয়ে নেমে হাটে হাঁড়ি ভাঙছেন দক্ষিণের নেতারা’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে কেন্দ্র করে তলবের এই আদেশ হয় সোমবার।
পটুয়াখালীর সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীরের অভিযোগ, ‘মনগড়া’ ওই প্রতিবেদনে তাকে নিয়ে ‘মিথ্যাচার’ করা হয়েছে, যা তাকে হেয় করার প্রয়াস।
এতে মানহানির অভিযোগ এনে হাকিম এমদাদুল হকের আদালতে মামলাটি করেন আওয়ামী লীগের এই নেতা।
বিবাদী আক্তার হোসেন শাহীন যুগান্তরের বরিশাল ব্যুরো কার্যালয়ের প্রতিবেদক।
বাদির আইনজীবী সৈয়দ আলম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহানগর হাকিম বাদির জবানবন্দি নিয়ে বিবাদীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।
