২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে জোড়া খুনের দায়ে ১ জনের ফাঁসি

কিশোরগঞ্জে একটি জোড়া খুনের মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

একই আদালত আরেকটি ডাকাতিসহ জোড়া খুনের মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়।

কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ আ ম মো. সাঈদ সোমবার দুপুরে এ রায় দেন।

মৃত্যুদণ্ড হয়েছে কিশোরগঞ্জ সদরের কলাপাড়া গ্রামের রবিউল সুমন (২৫)। রবিউল এখন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন মিঠু ওরফে মোশারফ, আনার হোসেন, জামাল উদ্দিন, রনি মিয়া, কালা মিয়া, বাবুল মিয়া, একরাম হোসেন ও শাহিদ মিয়া। 

এদের মধ্যে প্রথম চারজন কারাগারে এবং শেষ চারজন পলাতক রয়েছেন।

যাবজ্জীবন দণ্ডিতদের প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর করে কারাভোগ করতে হবে।

প্রথম মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২১ জুলাই দুপুরে কিশোরগঞ্জ সদরের কলাপাড়া গ্রামের গৃহবধূ সালমা খাতুন (৩২) ও তার মেয়ে সাবাকে (৩) রড দিয়ে পিটিয়ে হত্যা করে ঘরে থাকা ৮০ হাজার টাকা ও ১৩ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায় একই বাড়ির রবিউল সুমন।

ওইদিনই সালমার স্বামী আসাদুজ্জামান টিপু বাদী হয়ে রবিউল সুমনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরদিন কুমিল্লার লাকসাম থেকে পুলিশ রবিউলকে গ্রেপ্তার করে।

এরপর রবিউলকে একটি ধর্ষণ মামলার আসামি হিসেবে চট্টগ্রাম নেয়ার পথে চলতি বছরের ১০ সেপ্টেম্বর পুলিশের হাত থেকে পালিয়ে যান।

অপর মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ২৩ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামে ভোররাত সাড়ে ৩টায় একদল ডাকাত গৃহকর্তা আনোয়ার হোসেন ও তার স্ত্রী মনোয়ারা সুলতানাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ৭০ হাজার টাকা ও সাত ভড়ি স্বর্ণালংকার লুট করে।

এ সময় তাদের ছেলে হামদাদ গুরুতর আহত হন।

এ ঘটনায় তাদের আরেক ছেলে আদনান হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে ভৈরব থানায় মামলা দায়ের করেন।

এ ১০ জনের মধ্যে সাজা হয় আট জনের এবং বাকি দুই আসামি সুমন ও জিল্লু মিয়াকে বেকসুর খালাস দেয়া হয়।

উভয় মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শাহ আজিজুল হক। আসামিপক্ষে ছিলেন প্রথম মামলায় আজহারুল ইসলাম স্বপন এবং দ্বিতীয় মামলায় ক্ষিতিশ চন্দ্র দেবনাথ।