২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা উপনির্বাচন: প্রতীক পাননি সোবাহান

বরগুনা-২ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দুইদিন আগেও প্রতীক পাননি স্বতন্ত্র প্রার্থী মো. আবদুস সোবাহান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার বেলা ৩টা পর্যন্তও তাকে প্রতীক দেয়া হয়নি বলে জানান তিনি।

গত ২৪ সেপ্টেম্বর হাই কোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও জাফর আহম্মেদের বেঞ্চ আবদুস সোবাহানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

কিন্তু হাই কোর্টের নির্দেশ সাত দিনেও কার্যকর হয়নি।

মো. আবদুস সোবাহান বলেন, “হাইকোর্টের রায়ের কপি ও নির্দেশনা ২৫ সেপ্টেম্বর নির্বাচন কমিশনে জমা দিয়ে ওইদিনই রিটার্নিং অফিসার ফারুক মোস্তফাকে রায়ের কপি ফ্যাক্সে পাঠিয়েছি।

“রোববার রায়ের ফটোকপি রিটার্নিং অফিসারকে দিয়েছি।”

সোবাহান আনারস প্রতীক চেয়েছেন বলে জানান।

তিনি বলেন, নির্বাচনের আগে তাকে প্রতীক বরাদ্দ দেয়া না হলে নির্বাচন বন্ধের আবেদন নিয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হবেন।

রিটার্নিং অফিসার ফারুক মোস্তফা রায়ের ফটোকপি পাওয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাই কোর্টের নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

তবে নির্বাচনের আগে সোবাহানকে প্রতীক বরাদ্দ দেয়া হবে কি না সে ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

আগামী ৩ অক্টোবর বরগুনা-২ আসনের উপ-নির্বাচনে ভোগ গ্রহণের কথা রয়েছে।

নির্বাচনে আওয়ামী লীগপ্রার্থী হিসেবে শওকত হাচানুর রহমান রিমন নৌকা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী গোলাম সরোয়ার হিরু হাত পাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গত ২৬ জুলাই ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বরগুনা-২ আসনের সাংসদ গোলাম সবুর টুলু নিহত হলে এই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।