যুদ্ধাপরাধ: মীর কাসেমের মামলা স্থানান্তর
জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর যুদ্ধাপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়েছে।
বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার এই আদেশ দেয়।
আদেশে বলা হয়, ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে অনেকগুলো মামলা বিচারাধীন। তাই দ্রুত মামলা নিষ্পত্তির জন্য মীর কাসেমের মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হলো।
মামলাটি বর্তমানে যে অবস্থায় আছে, সে অবস্থা থেকেই ট্রাইব্যুনাল-২ এ এর কার্যক্রম শুরু হবে বলে আদেশে জানোনো হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের ১৪টি ঘটনায় গত ৫ সেপ্টেম্বর এই জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক। এ মামলার সাক্ষ্যগ্রহণের সূচনা বক্তব্যের জন্য সোমবার দিন রাখা হয়েছিল। তবে সূচনা বক্তব্য শুরুর আগেই মামলা স্থানান্তরের এই আদেশ আসে।
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম দলটির অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিও’র সাবেক আবাসিক প্রতিনিধি।
জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউশন গত ১৬ মে মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এরপর ২৬ মে তা আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির তারিখ রাখেন বিচারক।
এই জামায়াত নেতার বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।
প্রসিকিউশন বলছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
পরে তিনি জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতি হন এবং সংগঠনটির পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদকও হন।
মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আসাদগঞ্জের চামড়ার গুদাম ও পাঁচলাইশের সালমা মঞ্জিলে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়। মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এ দেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।
