ঢাবির রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচন, ফল রোববার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২৫ জন রেজিস্টার্ড গ্রাজুয়েট প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের তিনটি কেন্দ্রে (টিএসসি, সিনেট ভবন ও শারীরিক শিক্ষা) ভোট শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়।
রোববার সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষে বিকেলের দিকে ফলাফল জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে উল্লেখ করে কামাল উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৪ হাজার ৫৪৫ ভোটারের মধ্যে ১৯ হাজার ১৬১টি জন ভোট দিয়েছেন।
এর আগে ১৪ ও ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঢাকার বাইরের ৪০টি কেন্দ্রে আট হাজার ২২১ জন ভোট দিয়েছেন।
আওয়ামী লীগ-বাম সমর্থিত গণতান্ত্রিক ঐক্যপরিষদ, বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী পরিষদ ও সম্মিলিত গণতান্ত্রিক পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এদিকে ভোট উপলক্ষে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী, দুই দলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা ক্যাম্পাসে মহড়া দিয়েছেন। দুপুরের পরে ওই মহড়াকে ঘিরে ক্যাম্পাসের একাধিক স্থানে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
বেলা সাড়ে ১১টার দিকে শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিতে আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আওয়ামী পন্থী ও বিএনপি পন্থীরা একই সঙ্গে নিজ নিজ স্লোগান দিতে থাকলে কিছুটা উত্তেজনা দেখা দেয়। অবশ্য সেই উত্তেজনা বেশিদূর এগোয়নি।
দুপুর ১২টার দিকে সিনেট ভবন কেন্দ্রে ভোট দিতে গিয়ে কর্মী সমর্থকদের নিয়ে শোডাউন দেওয়ার চেষ্টা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আকরামুল হক। তাকে ছাত্রলীগ নেতাকর্মীরা মারতে উদ্যত হলে দুই সংগঠনের কর্মীদের মধ্যে হাতাহাতি ও পাল্টাপাল্টি ধাওয়া হয়।
এ সময় ছাত্রলীগ কর্মীরা ধানমণ্ডি থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিদুল হক জিয়নসহ অন্তত তিনজন আহত করে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে আহতদেরকে সরিয়ে নেয়া হয়।
উভয় পক্ষকে থামাতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের পি জে হাটর্র্গ হলের (ইন্টারন্যাশনাল) প্রভোস্ট ও বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক লুৎফর রহমান ছাত্রলীগ কর্মীদের হাতে লাঞ্ছিত হন।
বেলা সাড়ে ৩টার দিকে টিএসসির মূল ফটকে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে বিএনপির কর্মী-সমর্থক ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। এসময় পড়ে গিয়ে আহত হন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী জেবা ইয়াসমিন। এরও কিছুক্ষণ আগে হাবীবুল্লাহ মেজবাহ নামে একজনকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।
এসব ঘটনায় রাত ৮টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী পরিষদের প্রার্থীরা ভোট গ্রহণে অনিয়ম ও তাদের অনুসারী ভোটারদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে একটি সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে পরিষদের প্রার্থী আ ফ ম ইউসূফ হায়দার অভিযোগ করেন, ছাত্রলীগের হামলায় জেবা শারমিনসহ আরো তিনজন আহত হয়েছেন এবং কয়েকজন নারীকর্মী লাঞ্ছিত হয়েছেন।
তিনি এসব ঘটনার তদন্ত ও বিচার দাবি করেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলেও অভিযোগ করেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদিনের কিছু বিচ্ছিন্ন ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। তবে সার্বিকভাবে নিবাচর্নের পরিবেশ স্বাভাবিক ছিল। কোথাও বড় ধরনের কোনো অঘটন ঘটেনি।
