দগ্ধ স্বামীও মারা গেলেন
রংপুরে আগুনে দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেছেন স্বামীও।
শনিবার রাত ৯টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশেক আলী (৬৫) মারা যান।
বৃহস্পতিবার ভোররাতে ঘুমন্ত অবস্থায় মশার কয়েল থেকে লাগা আগুনে স্ত্রী নুরুন্নাহার বেগমসহ (৫০) দগ্ধ হয়েছিলেন তিনি। গুরুতর আহত দম্পতিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ঘণ্টাখানেকের মধ্যে নুরুন্নাহারের মৃত্যু হয়।
রংপুর সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধান চন্দ্র রায় জানান, তার এলাকার খটখটিয়া গ্রামের বাসিন্দা আশেক আলী ও তার স্ত্রী নুরুন্নাহার বেগম ঘুমন্ত অবস্থায় আগুনে দগ্ধ হন।
বিছানার পাশে কয়েল জ্বালিয়ে রেখে ঘুমালে ভোররাত ৪টার দিকে তা থেকে আগুন ছড়িয়ে পড়ে।
