অনেক ক্ষেত্রেই সংবিধান মানা হচ্ছে না: ড. কামাল
সংবিধানে সমতার কথা বলা হলেও দরিদ্র জনগোষ্ঠী আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হয় বলে মনে করেন ড. কামাল হোসেন।
শনিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একটি সেমিনারে এ কথা বলেন তিনি।
ড. কামাল বলেন, “দীর্ঘ সংগ্রাম ও সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা ও আমাদের সংবিধান। এ সংবিধানে দেশের সকল মানুষের বাক ও মত প্রকাশের স্বাধীনতাসহ সকল মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হলেও তা মানা হচ্ছে না।”
চবি বাণিজ্য অনুষদ মিলনায়তনে চবি আইন অনুষদ ও চিটাগং ল’ ক্লিনিক, বাংলাদেশ লিগ্যাল এইড এবং সার্ভিস ট্রাস্ট (বিএলএএসটি) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।
সংবিধান প্রণেতা ড. কামাল মনে করেন, “সংবিধানে দেশের সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হলেও দারিদ্র জনগোষ্ঠী তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত হয়।”
আইন ও অধিকার আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা থাকা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, অধিকার বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের আইনি সহায়তা প্রদানের ব্যাপারে সাহসি ও ত্যাগী হওয়ার আহ্বান জানান।
চবি আইন বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দিন খালেদের সভাপতিত্বে সেমিনারে অন্যদেরমধ্যে বক্তব্য রাখেন চবি উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, বিএলএএসটি’র ট্রাস্টি অ্যাডভোকেট জেড আই খান পান্না, চট্টগ্রাম কেন্দ্রে সভাপতি সুভাষ চন্দ্র লালা, কমিউনিটি অ্যান্ড লিগ্যাল সার্ভিস পরিচালক লুৎফর কবির, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।
