‘ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি’
ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি বলে দাবি করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
শনিবার দুপুরে গাজীপুর নগরীর ট্রাস্ট কমিউনিটি সেন্টারে দলের তৃণমূল নেতাদের সঙ্গে এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ঐক্যবদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের শক্তি। যারা আওয়ামী লীগকে শেষ করতে এসেছিল তারা কেউ কিন্ত নাই। তারা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে।”
আওয়ামী লীগ এ নেতা বলেন, “আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকব আমাদের আদর্শ ও জনগণ নিয়ে, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন সেই প্রতিজ্ঞা নিয়ে।”
রাজনীতিতে ধর্মের ব্যবহার নিয়ে সাজেদা বলেন, “আমরা ধর্মকে রাজনীতিতে আনতে চাই না। ধর্মকে রাজনীতিতে এনে ধর্মকে কলুষিত করতে চাই না।”
ফাইল ছবি
গাজীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম মেজাম্মেল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।
উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাংসদ সিমিন হোসেন রিমি, গাজীপুর জেলা পরিষদ প্রশাসক মো. আখতার উজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্যাহ খান প্রমুখ।
