২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগে উত্তেজনা, হাতিয়ায় ১৪৪ ধারা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার বেলা ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সদর ও আশপাশ এলাকায় সব ধরনের সভা সমাবেশ ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়ালীউর হাসান।

তিনি জানান, সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুর্বচর) আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী হাতিয়া সদরের ওসখালীতে পূর্ব নির্ধারিত জনসভায় যোগ দিতে আসছিলেন।

এদিকে হাতিয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীর সমর্থকরা একরামুল করিম চৌধুরীকে প্রতিহত করার ঘোষণা দেয়। তারা (আলীর সমর্থকরা) সুবর্ণচর-হাতিয়া সড়ক ও হাতিয়ার নলচিরা-ওসখালী সড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ইট ফেলে অবরোধ সৃষ্টি করে।

এরপরও বিপুল সংখ্যক পুলিশের সহায়তায় সড়কের প্রতিবন্ধকতা অপসারণ করে একরামুল করিম চৌধুরীর গাড়িবহর হাতিয়া বাজার পর্যন্ত পৌঁছে।

এ সময় হাতিয়া বাজারে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর হয়। পথে পথে বিভিন্ন বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ায় দোকানপাট বন্ধ হয়ে যায়।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় বেলা ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করা হয়।

এদিকে সুবর্ণচর উপজেলার ৪ নম্বর ঘাটে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা সদরের দিকে চলে যান একরামুল করিম চৌধুরী।

হাতিয়া থানার ওসি খোরশেদ আলম বলেন, উপজেলা সদরে মাইকিং করে ১৪৪ ধারা জারির খবর জানিয়ে দেয়া হচ্ছে। সেইসঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।