২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকবিরোধী আইনে ‘স্বপ্নের’ জরিমানা

তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গের দায়ে রাজধানী ঢাকায় সুপারশপ স্বপ্ন, বিগবাজারসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 12:36 AM

Updated : 23 Aug 2022, 06:59 PM

বিচারক সারাহ সাদিয়া তাজনীন রাজধানীর ওয়ারিতে স্বপ্ন’র একটি শাখাকে ৩০ হাজার টাকা, একই স্থানে বিগবাজার’র একটি শাখাকে ২০ হাজার টাকা এবং ধানমন্ডিতে আলম স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

তিন প্রতিষ্ঠানকে জরিমানার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংসদে পাস হওয়ার পর প্রথম বারের মতো এর প্রয়োগ করল প্রশাসন। দোকানে সিগারেটের মতো ধোঁয়াযুক্ত তামাকের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে এই জরিমানা করা হয়।

উন্মুক্ত স্থানে (পাবলিক প্লেস) ধূমপানের জন্য ৫০ টাকা আর্থিক দণ্ডের বিধানসহ আরো কিছু বিধিনিষিধ রেখে ২০০৫ সালে প্রথম তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন পাস হয়েছিল।

তামাক প্রতিরোধে ওই আইন অপূর্ণাঙ্গ ও অপর্যাপ্ত হওয়ায় চলতি বছরের ২৯ এপ্রিল ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল-২০১৩ সংসদে পাস হয়।

সংশোধিত আইনে গুল, জর্দ্দা, খৈনি ও সাদাপাতার মতো ধুয়ামুক্ত দ্রব্য চোষণ ও চিবানোর মাধ্যমে গ্রহণ করাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া তামাকজাত দ্রব্যের প্রত্যক্ষ বা পরোক্ষ বিজ্ঞাপন সংক্রান্ত প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনধিক এ লাখ টাকা অর্থদণ্ডের শাস্তি রাখা হয়েছে।

বেসরকারি সংস্থা ঢাকা আহসানিয়া মিশন ঢাকায় তামাক প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রশাসনকে কারিগরি সহায়তা দিয়ে থাকে।

সংস্থাটির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযানের পর আরেক সুপারশপ মিনা বাজার’র ধানমন্ডির একটি শাখা থেকে সিগারেটের প্যাকেট ঝুলিয়ে প্রচার করা একটি বিজ্ঞাপন সরিয়ে নেয়া হয়েছে।