ফরিদপুরে যৌন হয়রানি, যুবক দণ্ডিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কলেজ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী মো. আসাদুজ্জামান কবীর বৃহস্পতিবার রাতে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন।
শুক্রবার সকালে মোস্তাফিজুর রহমানকে (২১) জেলহাজতে পাঠানো হয়েছে।
দণ্ডিত মোস্তাফিজুর রহমান উপজেলার মানিকদহ ইউনিয়নের খাঁকান্দা গ্রামের ওদুদ তালুকদারের ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, ওই যুবক দীর্ঘদিন ধরে ভাঙ্গা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফেরার পথে মোস্তাফিজ তার হাত ধরে টানাটানি করে। তখন এলাকাবাসী তাকে আটক করে পুলিশে দেয়।
