বখতিয়ার হত্যার বিচার দাবিতে মানববন্ধন
রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় গুলিতে নিহত কিশোর বখতিয়ারের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বখতিয়ারের বাবা-মা, সহপাঠী, আত্মীয় ও এলাকাবাসী এই মানববন্ধন করেন।
‘মাগো ওরা আমাকে বাঁচতে দিলো না’, ‘আমরা কোথায় নিরাপদ’, ‘হু ইজ নেক্সট’ ইত্যাদি লেখা পোস্টার নিয়ে তারা সমবেত হন প্রেসক্লাবের সামনে।
মানববন্ধনে বখতিয়ারের বাবা জাহিদ লতিফ বলেন, “আমার ছেলে খুন হওয়ার পর প্রায় দুই সপ্তাহ পার হতে যাচ্ছে। কিন্তু খুনি গ্রেপ্তার হচ্ছে না। কোনো দিন কী খুনি গ্রেপ্তার হবে?”
কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বখতিয়ারের মা ফেরদৌসী লতিফ।
“আ-মার ছেলের হত্যাকারীর বি-চার চা-ই,” কাঁদতে কাঁদতে বলেন তিনি।
বখতিয়ারের বন্ধু ইতেমাস আমিন আদিল বলেন, “ওকে হারিয়ে আমরা মানসিকভাবে ভেঙে পড়েছি। খুনিদের বিচারের দাবিতে আজ আমরা এখানে এসেছি। আগামীতেও আসবো। সরকারের কাছে অনুরোধ বখতিয়ারের খুনিদের গ্রেপ্তার করুন। তাহলে আমরা একটু হলেও শান্তি পাবো।”
গত ১৩ সেপ্টেম্বর ভোররাতে যাত্রাবাড়ীতে নিজেদের বাসায় খুন হন ‘ও’ লেভেল পাস করা বখতিয়ার (২০)। এটিকে ডাকাতির ঘটনা বললেও ১৪ দিনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পারেনি পুলিশ।
ভোররাতে ওই বাসায় হানা দিয়েছিল সশস্ত্র একদল মানুষ। বাবা ব্যবসায়ী জাহিদ আল লতিফ ঘুমিয়েছিলেন। ওই কক্ষে মা ফেরদৌসী লতিফ টেলিভিশন দেখছিলেন, আর বখতিয়ার ল্যাপটপে কাজ করছিলেন।
সশস্ত্ররা কক্ষে ঢুকতে বখতিয়ার ‘কে’, ‘কে’ বলে চেঁচিয়ে উঠলেই তার বুকে গুলি করা হয়। এরপর বাড়ির সবাইকে বেঁধে দুটি আলমারি থেকে প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। বখতিয়ারকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
