২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যোগাযোগ মন্ত্রণালয়ে ছুটি বাতিল’

ঈদ ও পূজা উপলক্ষে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ১৫ দিন ছুটি বাতিল করা হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2013, 04:21 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শুক্রবার দুপুরে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের আশুলিয়ায় নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে একথা জানান।

তিনি বলেন, ঈদ এবং দুর্গাপূজা উপলক্ষে মানুষের দুভোর্গ কমাতে যোগাযোগ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।।

“ঈদের আগে ১০ দিন এবং ঈদের পর ৫ দিন যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ছুটি বাতিল করা হয়েছে,” বলেন তিনি। 

পূর্ব অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

এটি সরকারের মেয়াদের শেষ ঈদ উল্লেখ করে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। 

সংসদের শেষ অধিবেশনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের কোনো যুক্তি থাকলে তা নিয়ে সংসদে আলাপ আলোচনা হতে পারে।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই মনে করে না বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না। তাই আওয়ামী লীগ বিএনপিকে প্রধান বিরোধী দল মনে করেই আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহাবুদ্দিন আহমেদ, ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসলাম শেখ প্রমুখ।