২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ

জাতিসংঘের সাউথ সাউথ পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 11:47 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

দলের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়েছে, আগামী সোমবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনা দেয়া হবে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রী গত মঙ্গলবার সাউথ সাউথ পুরস্কার গ্রহণ করেন।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক অনির্ধারিত বৈঠকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ, আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিমানমন্ত্রী ফারুক খান, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও একেএম এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

আগামী শুক্রবার ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, গরিবদের মাঝে কাপড় বিতরণ, মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় উপসানলয়ে দোয়া অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তও হয়েছে।