যশোরে ইউপি চেয়ারম্যান খুন
যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সিংহঝুলির শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে এ হত্যার ঘটনা ঘটে।
জিল্লুর রহমান মিন্টু ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত যশোর জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে চত্বরে দুপুর পৌনে তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে ছয়জন এসে তাকে গুলি করে।
সে সময় তিনি বিদ্যালয় চত্বরে দাঁড়িয়ে কয়েকজন শিক্ষকের সাথে কথা বলছিলেন।
দুর্বৃত্তরা সকলে হেলমেট পরা ছিল।
পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়।
হত্যাকা-ের পর চৌগাছায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বাজারের সব দোকান বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন চৌগাছা থানার ওসি গোলাম রহমান।
