২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সংঘর্ষ, বিএনপির ওয়ার্ড নেতা নিহত

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত আটজন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 03:57 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

নিহত আব্দুল হাকিম (৫০)উপজেলার শ্রীউলা গ্রামের আফিলউদ্দীনের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

আশাশুনি থানার ওসি ফরিদউদ্দীন জানান, বৃহস্পতিবার সকালে একই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মাদের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আহতদের আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, আব্দুল হাকিমের সঙ্গে একই গ্রামের আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। কিছুদিন আগে আব্দুল হাকিমের ছেলে রাজুর পায়ের রগ কেটে দেয় প্রতিপক্ষ।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় বুধবার আদালতে হাজিরা দিতে এলে নূর মোহাম্মদের সমর্থকদের ওপর হামলা হয়।

এর জেরে বৃহস্পতিবার সকালে শ্রীউলা গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন আব্দুল হাকিম।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী নূর মোহাম্মদের সমর্থক আবদুস সেলিমকে রামদাসহ আটক করে পুলিশে দেয়।

ঘটনাস্থল থেকে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।