বিদ্যুতের দাবিতে চাঁদপুরে সড়ক অবরোধ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চাঁপুরে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাকিলাবাজার এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে রাখে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, গত একমাস ধরে ২৪ ঘণ্টার মধ্যে অর্ধেক সময়ই বিদ্যুৎ সরবরাহ থাকছে না। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ গ্রাহকরা সড়ক অবরোধ করেছে। তারা গাছের গুড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পরে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় হঠাৎ করেই লোডশেডিং বেড়ে গেছে।
পিডিবির হিসাবে, মঙ্গলবার সারাদেশে ৬৭৫০ মেগাওয়াট চাহিদার বিপরীতে উৎপাদন পূর্বাভাস দেয়া হয়েছিল ৫৭৪০ মেগাওয়াট। ঘাটতি ৯১০ মেগাওয়াটের চাহিদা সামাল দেয়া হচ্ছে লোড ব্যবস্থাপনার মাধ্যমে।
