নোয়াখালীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালীর সোনাইমুড়িতে এক জনের বিরুদ্ধে তার স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার বাংলাবাজার ভুট্ট কলোনির একটি পুকুর থেকে কাউসার আক্তার ফেন্সীর (৩০) লাশ উদ্ধার করা হয় বলে সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ জানান।
ফেন্সী সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের আব্দুল হকের মেয়ে। এ ঘটনার পর থেকে তার স্বামী আব্দুর রহিম পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, রহিম ডেকারেটরের কাজ করতেন। গত আট বছর ধরে বাংলাবাজারের ভুট্ট কলোনিতে বসবাস করেন। প্রায়ই স্ত্রীকে মারধর করতেন তিনি।
ওসি বলেন, রহিম বুধবার রাতের কোনো এক সময় ফেন্সীকে কলোনি সংলগ্ন পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে পুলিশে খবর দেয়।।
ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
