২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানি না থাকায় ‘বদনা মিছিল’ জাবিতে

পানি না থাকায় প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে ‘বদনা মিছিল’ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 01:00 AM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার রাতে শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীরা হল থেকে বদনা হাতে মিছিল নিয়ে প্রাধ্যক্ষের বাড়ির সামনে অবস্থান নেয়।

পরে প্রক্টরের উপস্থিতিতে প্রাধ্যক্ষ অধ্যাপক আরজু মিয়ার আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান তুলে নেয়।

শিক্ষার্থীরা পানির সঙ্কট ও টয়লেট অপরিচ্ছন্ন থাকাসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

জবাবে আরজু মিয়া বলেন, “পরিচ্ছন্নতা চলমান প্রক্রিয়া, পানির সমস্যা সব হলেই রয়েছে। আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করা হবে।”

প্রাধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা সাংবাদিকদের জানান ওই হলের ছাত্ররা।

কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মিহির হাবিব বলেন, “প্রাধ্যক্ষ হলে আসেন না, সমস্যা সমাধানে তার কোনো উদ্যোগও নেই।”

হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে প্রাধ্যক্ষের কোনো সমন্বয় নেই বলেও অভিযোগ করেন এই শিক্ষার্থী।

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমরা অনেকদিন ধৈর্যের পরিচয় দিয়েছি, এবার আমাদের রেহাই দেয়া উচিত।”

প্রক্টর অধ্যাপক মুজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা শিক্ষকদের আবাসিক এলাকায় ঢুকে বিক্ষোভ দেখিয়েছে, সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ঠ সবাইকে নির্দেশনা দেয়া হবে।

ছাত্রদের বিক্ষোভের সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমানও সেখানে যান।

তিনি সাংবাদিকদের বলেন, “দাবি যৌক্তিক হলেও শিক্ষকদের আবাসিক এলাকায় ঢুকে বিক্ষোভ দেখিয়ে ভীতি সৃষ্টি করা ঠিক হয়নি।”