ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, এএসপিসহ আহত ১০
ট্রাক ড্রাইভারকে মারধরের জের ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরে পুলিশ ও ট্রাক শ্রমিকদের সংঘর্ষে এক এএসপিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেড্ডা এলাকায় এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে।
আহত সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎক রানা নূরুস শামস বলেন, তার মাথায় আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, শহরের মেড্ডা অস্থায়ী ট্রাক স্ট্যান্ডের সামনে একটি ট্রাক পার্কিং করার সময় এর চালক খোকনের সঙ্গে কর্তব্যরত পুলিশের বাকবিতণ্ডা হয়।
“এক পর্যায়ে পুলিশ ট্রাক ড্রাইভার খোকনকে পিটিয়ে রক্তাক্ত করে। এ খবর ছড়িয়ে পড়লে ট্রাক শ্রমিকরা তাৎক্ষণিকভাবে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। খবর পেয়ে দাঙ্গা পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে।”
এ সময় সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম শ্রমিকদের ছোড়া ঢিলে মাথায় আঘাত পান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
এ সময় শফিকুল ইসলাম ছাড়াও অন্তত ৮/১০জন পথচারী আহত হন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আবদুর রব জানান, বিষয়টি নিয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে। আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
