২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুমির মা ঢাকায়

স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা খুনের মামলায় আটক গৃহকর্মী খাদিজা খাতুন সুমির মার সন্ধান পাওয়ার পর তাকে রাঙামাটি থেকে ঢাকায় আনা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 10:21 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

এসবির পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যাকাণ্ডের পর আটক হয় অপ্রাপ্তবয়স্ক সুমি। এক মাসের বেশি সময় ধরে গাজীপুরে কিশোর সংশোধনাগারে রয়েছে সে।

হত্যামামলায় আটকের পর সুমির কোনো স্বজনের সন্ধান পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর মঙ্গলবার পুলিশ জানায়, লংগদু এলাকায় তার মা সাজেদা আক্তার আয়শা এবং সৎ বাবা নুরু মিয়াকে পাওয়া গেছে।

আয়শা ও নুরু মিয়াকে বুধবার ঢাকায় আনার পর মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পারিচালক সুলতানা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিবি পুলিশ সুমির মা এবং সৎ বাবাকে তাদের হেফাজতে দিয়ে গেছে।

গত ১৬ অগাস্ট চামেলীবাগের বাসায় মাহফুজ ও স্বপ্নার লাশ উদ্ধারের পর সুমির মা আত্মগোপন করেন বলে পুলিশ জানিয়েছে।

মাহফুজ ও স্বপ্নার বাড়িতে কাজ করত সুমি। পরদিন মাহফুজের মেয়ে ঐশী রহমানের সঙ্গে সুমিকেও আটক করা হয়। পুলিশ বলছে, ঐশীই তার বাবা-মাকে হত্যা করেছে।

গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইনগতভাবে সুমি একজন আসামি হলেও পুরো বিষয়টি মানবিক। ঘটনার সময় ঐশীকে সাহায্য করা ছাড়া সুমির করার কিছু ছিল না।”

সুমিকে জামিনে ছাড়িয়ে আনতে পুলিশ পরোক্ষভাবে কাজ করছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, এজন্য পদক্ষেপ নিতে বেসরকারি একটি সংস্থাকে অনুরোধ করার পর তারা কাজ শুরু করেছে।

সুমি জামিন পেলে কার হেফাজতে থাকবে- সে প্রশ্ন আসায় তার মা ও সৎ বাবাকে খুঁজে বের করা হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

আটকের পর অপ্রাপ্তবয়স্ক সুমিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় সমালোচনার মুখে পড়েছিল পুলিশ। এছাড়া রিমান্ডে নেয়া পর্যন্ত তাকে আইনগত সহায়তা না দেয়া নিয়েও প্রশ্ন উঠে।

জনি আবার রিমান্ডে

এই হত্যাকাণ্ডের বিষয়ে ঐশীর বন্ধু আসাদুজ্জামান জনিকে হেফাজতে রেখে আরো তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

গত ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার জনিকে পাঁচদিন ধরে জিজ্ঞাসাবাদের পর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আব্দুল হান্নান বুধবার তাকে ঢাকার হাকিম আদালতে হাজির করে আরো ১০ দিন হেফাজতের আবেদন করেন।

শুনানি শেষে মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূঁইয়া তিন দিন হেফাজতের আদেশ দেন।

এই মামলায় ঐশীর আরেক বন্ধু আনিসুর রহমান রনিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

পুরনো খবর:

ঐশীর বন্ধু জনি গ্রেপ্তার, রিমান্ডে