২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মা-মেয়ে এসিডদগ্ধ

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঘুমন্ত গৃহবধূ ও তার কলেজছাত্রী মেয়েকে এসিডে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 04:26 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার গভীর রাতে গোবিন্দপুর গ্রামে এ হামলায় দগ্ধ হন ওই গ্রামের সৌদি আরব প্রবাসী সিরাজুল হক শেখের স্ত্রী নাছিমা বেগম ও মেয়ে রাজৈর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মাভিয়া আক্তার মিতু।

তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি মোফাজ্জেল হোসেন বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঘরের টিনের বেড়া কেটে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা ভেতরে ঢুকে মা ও মেয়েকে এসিড নিক্ষেপ করে।

তাদের প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসিডে মেয়ে মাভিয়ার নাক ও গলা থেকে শরীরের বিভিন্ন অংশ এবং নাছিমার গলা ও পেট ঝলসে গেছে।

ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

নাছিমার ছেলে এনামুল শেখ জানান, এই ঘটনার সঙ্গে অনেকেই জড়িত থাকতে পারে।

তিনি বলেন, “আগে আমার মা ও বোনকে একটু সুস্থ করে তারপর মামলা করব।”