চট্টগ্রামে ছিনতাইকালে অস্ত্রসহ দুই যুবক আটক
চট্টগ্রামের ফকিরহাট এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় অটোরিকশাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জনতা ও পুলিশ।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মনজুর মোরশেদ জানান, বুধবার বেলা সোয়া ২টার দিকে আটক করা হয় জাকির (২৮) ও মনির (২৮)কে।
এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যাবহৃত একটি এলজি, একটি চাপাতি ও একটি খেলনা পিস্তল পাওয়া গেছে।
দুজনের দেশের বাড়ি বরিশাল। চট্টগ্রাম বন্দর থানাধীন ফকিরহাট এলাকায় থাকেন।
উপ-কমিশনার মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অটোরিকশা নিয়ে মো. ইয়াসিন নামে এক সিঅ্যান্ডএফ ব্যাবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় জাকির ও মনিরকে আটক করা হয়।
ব্যাবসায়ী ইয়াসিন পুলিশকে জানান, তার কাছে নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা এবং ৫ লাখ টাকার একটি চেক ছিল।
তবে অটোরিকশা চালক পালিয়ে গেছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
“গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে,” বলেন উপ-কমিশনার।
