২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে পুলিশ-ছাত্রলীগ হাতাহাতি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2013, 02:51 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বুধবার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে এ ঘটনার সময় দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়।

এ ঘটনার পর দুপুরে কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী শিক্ষার্থীদের বাসগুলো বিভিন্ন জায়গায় আটকে রেখেছে ছাত্রলীগ সমর্থকরা।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ে চাকরির দাবিতে বেশ কিছুদিন ধরে প্রশাসনকে চাপ দিচ্ছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ দাবি নিয়ে ১২টার দিকে ছাত্রলীগ তাদের টেন্ট থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঘুরে প্রাশাসন ভবনে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

এরপর নিজেদের টেন্টে ফিরে যান ছাত্রলীগ নেতাকর্মীরা।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মনিরুজ্জামান বলেন, “ছাত্রলীগ প্রশাসনিক ভবনে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছিল। এ সময় বাধা দিলে তারা আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে।”

এ ব্যাপারে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শামীম হোসেন খান বলেন, “কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা আমাদের নেতাকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে।”

বিশ্ববিদ্যালয় পরিবহন প্রশাসক ড. মামুনুর রহমান জানান, এ ঘটনার জেরে দুপুরে কুষ্টিয়া থেকে ক্যাম্পাসগামী বাসগুলো জেলা শহরের কাস্টমস মোড়ে এবং ঝিনাইদহ থেকে আসা বাসগুলো শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় আটকে রেখেছে ছাত্রলীগ সমর্থকরা।

প্রক্টর জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তা মেনে নেবে না। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিষেধাজ্ঞা অমান্য করেই মিছিল করে ছাত্রলীগ।