ব্র্যাককর্মীকে ধর্ষণ চেষ্টা
রাজশাহীতে ব্র্যাকের এক কর্মীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে এক বখাটে।
মঙ্গলবার দুপুরে তানোর উপজেলার ময়েনপুর গ্রামের বিলে ধর্ষণে ব্যর্থ হয়ে ওই দুর্বৃত্ত মেয়েটিকে খালের স্লুইসগেটের উপর থেকে প্রায় ৩০ ফুট নিচে ফেলে দেয়।
সেখান থেকে উদ্ধার করে রাতে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক জানিয়েছে পুলিশ।
ঘটনার শিকার ব্র্যাক কর্মীকে উদ্ধৃত করে তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনা ঘটিয়েছে স্থানীয় আব্দুল হাকিমের বখাটে ছেলে শহিদুল।
মঙ্গলবার দুপুরে ডিউটি শেষে ময়েনপুর গ্রাম থেকে ফেরার পথে নির্জন বিলের মধ্যে স্লুইসগেটে শহীদুল মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।”
এতে ব্যর্থ হয়ে স্লুইচগেট উপর থেকে মেয়েটিকে নিচে ফেলে দিয়ে শহীদুল পালিয়ে যায় বলে জানান তিনি।
ওসি আরো জানান, বিকাল ৫টার দিকে মেয়েটির বাবা ঢাকা থেকে ফোন করলে জানতে পারেন তার মেয়ের অবস্থা।
এরপর স্থানীয় স্বজনরা সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাকে উদ্ধার করে প্রথমে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
